উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের রাউজানের একটি বিপণিবিতানে প্রকাশ্যে তাড়া করে এক দোকানিকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের আমির মার্কেটে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত দোকানির নাম মুহাম্মদ মুরাদ (৩৫)। বিপণিবিতানটিতে একটি কাপড় বিক্রির দোকান রয়েছে তাঁর। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুরাদের বাড়ি নোয়াপাড়া ইউনিয়নের পটিয়া পাড়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুহাম্মদ সাব্বির (৩২) নামের এক যুবক মুরাদকে ছুরিকাঘাত করেন। তাঁর সারা শরীরে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতে অভিযুক্ত সাব্বিরও একই গ্রামের বাসিন্দা। একটি মারামারির মামলায় জেল খেটে সপ্তাহখানেক আগে তিনি কারাগার থেকে বের হয়েছেন।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুরাদের পরিবারের সঙ্গে সাব্বিরের পরিবারের স্থানীয় নানা বিষয় নিয়ে পূর্ববিরোধ রয়েছে। সম্প্রতি সাব্বিরকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন মুরাদের ছোট ভাই মোহাম্মদ মানিক (২৬)। শনিবার সন্ধ্যায় মুরাদের দোকানে ভিডিওর বিষয়ে মানিক ও সাব্বিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে মানিক সাব্বিরের মাথায় পাথর দিয়ে আঘাত করে পালিয়ে যান।
এ সময় সাব্বির দোকান থেকে চলে গেলেও কিছুক্ষণ পর একটি ছুরি ও লোহার পাত নিয়ে দোকানটিতে আসেন। মুরাদের কাছে তাঁর ভাই মানিক কোথায় জানতে চান। এ সময় সাব্বির হামলার জন্য উদ্ধত হলে মুরাদ নিজের দোকান থেকে বের হয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। তবে সাব্বির তাঁকে তাড়া করতে থাকেন। পরে মুরাদ দৌড়ে আরও কয়েকটি দোকানে আশ্রয় নিলেও সেখান থেকে তাঁকে তাড়া করেন সাব্বির। একপর্যায়ে তাড়া করতে করতেই মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন সাব্বির। পরে মুরাদ মাটিতে লুটিয়ে পড়লে সাব্বির চলে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, সাব্বির মুরাদকে ছুরিকাঘাত করতে করতে বলছেন, ‘তোর ভাই ভিডিও ডিলিট করবে কি না বল, নইলে মেরে ফেলব।’ এ সময় মুরাদ সাব্বিরকে বলতে থাকেন, ‘তুই আমার বাপ, আমাকে আর মারিস না। আমি আমার ভাইকে বলব, ভিডিও ডিলিট করে দিতে। ওকে বিদেশে পাঠিয়ে দেব। আমাকে প্রাণে বাঁচতে দে।’
আহত মুরাদের চাচা এ টি এম নাসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বাড়ির কিছু ঝামেলা নিয়ে ভাতিজা মানিকের সঙ্গে সাব্বিরের বিরোধ তৈরি হয়। শুনেছি, ফেসবুকে একটি ভিডিও ছড়ানোকে কেন্দ্র করে মানিকের ওপর খেপে যায় সাব্বির। এই ক্ষোভ থেকে মানিককে মারতে গিয়েছিল। পরে মুরাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাব্বির।’
জানতে চাইলে স্থানীয় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ফেসবুকে ভিডিও আপলোডকে কেন্দ্র করে মুরাদের ভাই মানিকের সঙ্গে সাব্বিরের দ্বন্দ্ব ছিল। এর জেরে ঘটনাটি ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘সপ্তাহখানিক আগে সাব্বির মারামারির একটি মামলায় জেল খেটে জামিনে বের হয়েছে। এরপর আবার এই ঘটনা ঘটাল। তিনি পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে।’