উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ (বাসস): ভিয়েতনামের ফান থিয়েতে অনুষ্ঠিত ‘ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫’ টেনিস প্রতিযোগিতায় ১৪ দেশের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে বাংলাদেশ।
গত বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ ১২তম হয়েছিল। এবারের লক্ষ্য ছিল গতবারের চেয়ে ভালো ফলাফল করা। সেই লক্ষ্য পূরণে বাংলাদেশ দল সফল হয়েছে।
আজ শনিবার পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে লাওসের কাছে ২-১ ব্যবধানে হেরে ষষ্ঠ স্থান অর্জন করে বাংলাদেশ। প্রথম একক ম্যাচে কাব্য গায়েন লাওসের সাতাপর্ন সিমমালাভংয়ের কাছে ১-৬, ১-৬ গেমে হারে। দ্বিতীয় একক ম্যাচে জারিফ আবরার লাওসের আথিত ক্যাসিনিসের কাছে ৪-৬, ৪-৬ গেমে হারে। দ্বৈত ম্যাচে লাওস খেলতে না নামায় ওয়াকওভার পেয়ে জয়লাভ করে বাংলাদেশ।
প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশ নেপালের কাছে ৩-০ ব্যবধানে হারে। দ্বিতীয় দিনে প্রতিযোগিতার শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে হারিয়ে এবারের আসরে প্রথম জয় পায় বাংলাদেশ। ওই দিন একক ম্যাচে কাব্য গায়েন ও জারিফ আবরার দুজনেই জয় লাভ করে। ডেভিস কাপ নেশন্স র্যাংকিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮ এবং বাংলাদেশের ১৪৮।
বাংলাদেশ দলের নেতৃত্ব দেন প্লেয়িং ক্যাপ্টেন মোফাজ্জল হোসেন।
বাংলাদেশ দল আগামীকাল রাতে দেশে ফিরবে।