উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ছোট পর্দার অভিনয়শিল্পীদের পেশাগত শৃঙ্খলা রক্ষায় কাজ করে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। বিভিন্ন সময় শুটিংয়ে অনুপস্থিতি, শিডিউল জটিলতা, অসদাচরণ কিংবা সহকর্মীর সঙ্গে বিরোধের অভিযোগে সংগঠনটির পক্ষ থেকে শিল্পীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কারও ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসেছে, কারও সদস্যপদ স্থগিত হয়েছে। তবে বহিষ্কার, নিষেধাজ্ঞা ও সদস্যপদ স্থগিত—তিনটি এক বিষয় নয়। আবার নাটকের অন্য সংগঠন ডিরেক্টরস গিল্ড বা টেলিপ্যাবের দেওয়া শাস্তিকেও শুধু অভিনয়শিল্পী সংঘের সিদ্ধান্ত বলা ঠিক হবে না।
প্রসূন আজাদ—এক বছরের নিষেধাজ্ঞা
অভিনেত্রী প্রসূন আজাদকে ২০১৬ সালের অক্টোবরে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। ‘স্বপ্ন সত্যি হতে পারে’ নাটকের শুটিংকে কেন্দ্র করে নির্মাতা ও প্রযোজক রোকেয়া প্রাচীর সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। পরে দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ করেন।
১৯ অক্টোবর রোকেয়া প্রাচী নাটকের তিন সংগঠনের কাছে অভিযোগ করেন। প্রসূনকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি; বরং তাঁর ফেসবুক থেকে আপত্তিকর বক্তব্য প্রকাশিত হয় বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা। এরপর ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন যৌথভাবে এক বছরের নিষেধাজ্ঞা দেয়। এই সময়ে ডিরেক্টরস গিল্ডের সদস্যরা তাঁকে নিয়ে কোনো প্রযোজনা করতে পারবেন না বলে জানানো হয়। এ ঘটনার পরে একেবারেই কাজ কমে যায়। পরে তিনি আর সে অর্থে ঘুরে দাঁড়াতে পারেননি। বর্তমান তিনি ব্যবসার সঙ্গে যুক্ত।
সারিকা সাবরিন—ছয় মাসের নিষেধাজ্ঞা
সেই সময় বেশ ব্যস্ততা ছিল অভিনেত্রী সারিকার। একের পর এক কাজ করতেন। কিন্তু অনিয়মের জন্য তিনি আড়ালে চলে যান। একসময় ব্যক্তিজীবনেও তিনি হতাশায় ছিলেন। তাঁর বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল শিডিউল ফাঁসানো। এ অভিযোগে ২০১৮ সালের ১ আগস্ট ছয় মাসের জন্য নিষিদ্ধ হন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। এ সিদ্ধান্ত নেয় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন ও অভিনয়শিল্পী সংঘ। প্রযোজক মোহাম্মদ বোরহান খানের অভিযোগ ছিল, ২১ মার্চ নেপালে নাটকের শুটিংয়ে যাওয়ার কথা ছিল সারিকার। তাঁকে অগ্রিম ৫০ হাজার টাকা, বিমানের ফিরতি টিকিট ও চিত্রনাট্য দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বিমানবন্দরে উপস্থিত হননি তিনি। ফোনেও যোগাযোগ করা যায়নি। ফলে সারিকাকে ছাড়াই শুটিং ইউনিট নেপালে যায় এবং পরে বিকল্প অভিনেত্রী নিয়ে কাজ করতে হয়। এতে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রযোজক।
প্রযোজকের লিখিত অভিযোগের পর দুই সংগঠন সারিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। সন্তোষজনক সাড়া না পাওয়ায় তাঁকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়। এ সময়ে তাঁকে নিয়ে নাটক, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিও নির্মাণ করা যাবে না বলে জানানো হয়। নিষেধাজ্ঞার দুই মাস পর ফেসবুকে ক্ষমা চেয়েছিলেন সারিকা। তবে সংগঠনের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁর সঙ্গে কাজ করা যাবে না বলে জানিয়েছিলেন অভিনয়শিল্পী সংঘের তৎকালীন সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
অ্যালেন শুভ্র—তিন মাসের নিষেধাজ্ঞা
তখন তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, ফারহান আহমেদ জোভানসহ অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতেন অভিনেতা অ্যালেন শুভ্র। কিন্তু হঠাৎ করেই একদিন পরিচালকের সঙ্গে অসদাচরণের কারণে তাঁকে দূরে সরে যেতে হয়। এ অভিযোগ প্রামাণিত হলে ২০১৮ সালের এপ্রিলে তিন মাসের জন্য নিষিদ্ধ হন অভিনেতা অ্যালেন শুভ্র। ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সিদ্ধান্ত নেয়।
পরিচালক নিয়াজ মাহবুবের অভিযোগ ছিল, নাটকের শুটিংয়ে বরিশালে গিয়ে অ্যালেন শুভ্র নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে চেয়েছিলেন। পরিচালক রাজি না হওয়ায় তিনি ঢাকায় ফিরে আসেন। পরে কাজটি শেষ করার জন্য নতুন করে পারিশ্রমিক দাবি করেন। এ নিয়ে বিরোধের একপর্যায়ে অ্যালেন তাঁকে ফোনে গালিগালাজ করেন এবং ঢাকার মগবাজারে দেখা হলে ইট দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করেন নিয়াজ মাহবুব। এরপর তাঁকে তিন মাস সব ধরনের শুটিং থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। শুটিং থেকে দূরে থাকায় তিনি আর ঘুরে দাঁড়াতে পারেননি। পরবর্তী সময়ে মানসিকভাবেও তিনি ভালো ছিলেন না। পরে তিনি ‘দেনা পাওনা’ ধারাবাহিক দিয়ে আলোচনায় আসেন। তবে এক ঘণ্টার নাটকে তাঁকে তেমন দেখা যায় না।
তিশা ও অথৈ কী করেছিলেন
সর্বশেষ ২০২৬ সালের ৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনের সালিস কমিটির সুপারিশের ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদ এ সিদ্ধান্ত নেয়।
ঘটনার সূত্রপাত একই বছরের মার্চে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং সেটে। দুই অভিনেত্রীর মধ্যে বিরোধের একপর্যায়ে মারধরের অভিযোগ ওঠে। সামিয়া অথৈর অভিযোগ, একটি দৃশ্যে তাঁকে তানজিন তিশাকে হালকা চড় মারতে বলা হয়েছিল। কিন্তু পরে তিশা তাঁকে কয়েকবার জোরে চড় মারেন। এতে তাঁর গাল ও চোখ ফুলে যায় বলে দাবি করেন অথৈ। অন্যদিকে তানজিন তিশা অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনাটি চিত্রনাট্য ও অভিনয়ের প্রয়োজনে ঘটেছিল।
বিরোধ মেটাতে অভিনয়শিল্পী সংঘের সালিস কমিটি দুই পক্ষকে ডাকে। সেখানে দুজনকে ক্ষমা চেয়ে লিখিত বিবৃতি দেওয়ার পাশাপাশি ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, কেউই সালিসের সিদ্ধান্ত বাস্তবায়ন করেননি। তাঁদের একাধিক চিঠি পাঠানো হলেও জবাব পাওয়া যায়নি। গত ৭ জুলাই সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ে তারও জবাব দেননি তাঁরা। এরপর সালিস কমিটির সুপারিশে কার্যনির্বাহী পরিষদ সর্বসম্মতিক্রমে দুজনের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। সিদ্ধান্ত প্রকাশের পর তানজিন তিশা ফেসবুক লাইভে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, সালিসে ক্ষমা চেয়ে বিবৃতি ও ভিডিও বার্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সামিয়া ভিডিও দেননি, তিনিও কোনো কারণে দিতে পারেননি। সংগঠনের নোটিশের জবাব না দেওয়ার কারণেই এই স্থগিতাদেশ এসেছে বলে জানান তিনি। সামিয়া অথৈর বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
এ তালিকায় ছিলেন চমক
২০২৩ সালের আগস্টে শুটিং সেটে অসদাচরণের অভিযোগে তিন মাসের জন্য নিষিদ্ধ হন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিংয়ে প্রোডাকশন বয়, মেকআপ ম্যান, সহকারী পরিচালক ও শুটিং ইউনিটের অন্য সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া সহশিল্পী আরশ খানের সঙ্গে বিরোধের জেরে শুটিং বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘ, টেলিপ্যাব ও ডিরেক্টরস গিল্ডের সালিস বৈঠক হয়।
সেখানে চমককে ক্ষমা চাইতে এবং ক্ষতিগ্রস্ত প্রযোজককে ক্ষতিপূরণ দিতে বলা হয়। তবে ২১ আগস্ট ডিরেক্টরস গিল্ড আলাদাভাবে তাঁকে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। এই সময়ে সংগঠনটির সদস্য পরিচালকেরা তাঁকে নিয়ে কোনো নাটক নির্মাণ করতে পারবেন না বলে জানানো হয়। তবে অভিনয়শিল্পী সংঘ ও টেলিপ্যাব এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তের সঙ্গে একমত ছিল না।
অভিনয়শিল্পী সংঘের সাবেক এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের সময়ে বেশ কিছু ঘটনায় শিল্পীদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছিল। পরে আমরা এই সিদ্ধান্ত থেকে সরে যাই। তবে অনেক শিল্পীই রয়েছেন, যাঁরা একটু ড্যাম কেয়ার টাইপের। যাঁরা নিয়মকানুন কিছুই মানেন না। তাঁদের নিয়ম মেনে বহিষ্কার করা ছাড়া উপায় থাকে না। শিল্পীদের সব বিষয়েই শিল্পীসুলভ আচরণ করতে হয়।’