উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ (বাসস) : ৩৭তম জাতীয় সিনিয়র পুরুষ ও ১১তম জাতীয় মহিলা কুস্তি প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।
বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার দল ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক অর্জন করেছে। রানার্স আপ বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ ১০টি পদক। তৃতীয় স্থান অধিকারী বিজিবি পেয়েছে ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ ৯টি পদক।
মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার দলের মেয়েরা। তারা অর্জন করেছে ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। রানার্স আপ বাংলাদেশ সেনাবাহিনীর মেয়েরা পেয়েছে ৩টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ ৯টি পদক। আর তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ পুলিশ দলের মেয়েরা পেয়েছে ১টি স্বর্ণ।
রোলার স্কেটিং কমপ্লেক্স গ্রাউন্ডে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মাহফুজুল আলম খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব:) আ স ম রিদওয়ানূর রহমান, সাধারণ সম্পাদক লায়ন এম. আর আলী ফাহিম, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আব্দুল মবিন ফাইটার ও কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।