উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ (বাসস): ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন অন্তত আরও এক মৌসুম তাঁর দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার চালিয়ে যাবেন। ২০২৭ সালে কাউন্টি দল সারের হয়ে খেলার চুক্তি করেছেন তিনি।
ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসনকে ২০২৬ মৌসুম শেষে ছেড়ে দেয় তাঁর নিজ কাউন্টি ল্যাঙ্কাশায়ার।
তবে ৪৪ বছর বয়সী এই পেসার ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওভালভিত্তিক সারের সঙ্গে চুক্তি করেছেন তিনি।
বৃহস্পতিবার প্রথম বিভাগের ক্লাবটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর অ্যান্ডারসন বলেন, ‘সারের মতো একটি ক্লাবে যোগ দিতে পারা সম্মানের বিষয়। ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।
‘আমার মনে হয়, এখনো দেওয়ার মতো অনেক কিছু আছে। উইকেট নিতে চাই, দলকে ম্যাচ জেতাতে সাহায্য করতে চাই। মাঠের বাইরেও দলের জন্য অনেক কিছু করতে পারব বলে মনে করি। যারা নিজেদের দক্ষতা উন্নত করে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছে, সেই তরুণ খেলোয়াড়দেরও সাহায্য করতে চাই।’
অ্যান্ডারসনের নেতৃত্বে গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে থেকে আসর শেষ করে ল্যাঙ্কাশায়ার। তবে ব্যক্তিগতভাবে দারুণ পারফরম্যান্স করেন এই পেসার। ১১ ম্যাচে মাত্র ১৭.৬৮ গড়ে ৫০ উইকেট নেন তিনি।
কিন্তু ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস এবং নতুন প্রধান নির্বাহী রিচার্ড কেনিয়ন গত সপ্তাহে এক বৈঠকে অ্যান্ডারসনকে জানান, ২০২৭ সালের জন্য তাঁর চুক্তি নবায়ন করা হবে না।
কাউন্টি দলটির এই সিদ্ধান্ত দুই বছর আগে অ্যান্ডারসনের বর্ণাঢ্য ইংল্যান্ড ক্যারিয়ারের সমাপ্তির কথা মনে করিয়ে দেয়। তখন ক্রিকেট পরিচালক রব কি, কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস অভিজ্ঞ এই পেসারকে নিয়ে আর এগোতে চান না বলে জানিয়ে দিলে কার্যত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হন তিনি।
টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সময় অ্যান্ডারসনের ঝুলিতে ছিল ৭০৪ উইকেট। পাঁচ দিনের ক্রিকেটে কোনো পেসারের এটাই সর্বোচ্চ উইকেটসংখ্যা।