উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফার্কের সঙ্গে ২০১৬ সালে ঐতিহাসিক শান্তিচুক্তির পর বিশেষ শান্তি আদালত প্রতিষ্ঠা করা হয়।
আদালতটি সংঘাতের সবচেয়ে গুরুতর অপরাধগুলোর বিচার করে। তবে সত্য প্রকাশ ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার শর্তে অভিযুক্তদের কারাদণ্ডের পরিবর্তে বিকল্প সাজা দেওয়া হয়।
গত আগস্টে ক্ষমতায় আসা ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা আদালতটির ঘোর বিরোধী। তবে আদালতটির বাজেট ইতোমধ্যেই অনুমোদিত হয়েছে।
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ (বাসস): কয়েক দশক আগে বামপন্থী কর্মীদের হত্যার ঘটনায় কলম্বিয়ার বিশেষ শান্তি আদালত বুধবার সাবেক আট সামরিক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ গঠন করেছে।
১৯৮৫ থেকে ১৯৯৩ সালের মধ্যে ‘প্যাট্রিয়টিক ইউনিয়ন’ (ইউপি) নামের একটি রাজনৈতিক দলের ৫ হাজার ৭ শতাধিক সদস্যকে হত্যা করা হয়। রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে যোগসাজশে আধাসামরিক গোষ্ঠীগুলো পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ চালায়।
বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর বিদ্রোহী সংগঠন ফার্কের সাবেক সদস্যরা ১৯৮৫ সালে দলটি প্রতিষ্ঠা করেন।
কলম্বিয়ার কয়েক দশক ধরে চলা সংঘাতের অন্যতম রক্তক্ষয়ী সময়ে দলটির বিরোধীরা ইউপিকে গেরিলাদের রাজনৈতিক শাখা হিসেবে বিবেচনা করত।
বিশেষ শান্তি আদালত (জেইপি) জানায়, ইউপির সদস্যদের ওপর গোপনে নজরদারি চালানোর পর তাদের হত্যা করা হতো অথবা এমনভাবে গুম করা হতো, যাতে তাদের আর কোনো খোঁজ পাওয়া না যায়। দেশের বিভিন্ন স্থানে একই ধরনের ঘটনা ঘটেছে।
আদালতের প্রেসিডেন্ট দানিলো রোহাস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতীয় সেনাবাহিনীর কৌশলগত গোয়েন্দা ইউনিটের ভেতরে একটি গোপন অপরাধী চক্র আগে থেকে চিহ্নিত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করত।’
তিনি বলেন, ‘তারা নজরদারি চালাত, হত্যার লক্ষ্যবস্তু‘ নির্ধারণ করত এবং গোপন অভিযান সমন্বয় করত।’
একই সময়ে যুদ্ধের বাইরে থাকা গেরিলাদের নির্যাতন ও জোরপূর্বক গুমের অভিযোগেও জেইপি ওই আট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।