উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘কেইপিজেডের মাঠে অনুশীলন করতে পেরে আমি এবং খেলোয়াড়রা খুবই খুশি। এখানকার সুন্দর ও শান্ত পরিবেশে অনুশীলনে পুরো মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে। সতীর্থদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ তিনি বলেন, দলের সবাই কঠোর পরিশ্রম করছেন। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচেই ভালো খেলার লক্ষ্য নিয়ে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে কাঙ্খিত জয় পাওয়া সম্ভব বলে তিনি আশাবাদী।
দলের তারকা খেলোয়াড় আফঈদা খন্দকার বলেন, একজন খেলোয়াড়ের ভালো পারফরম্যান্সের জন্য মাঠের পরিবেশ ও অনুশীলনের সুযোগ অনেক গুরুত্বপূর্ণ। কেইপিজেডে এসে তাঁরা সেই সুযোগটি ভালোভাবেই পাচ্ছেন। এখানকার নিরাপদ পরিবেশে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই অনুশীলন করা যাচ্ছে। তিনি বলেন, কেইপিজেড কর্তৃপক্ষের এই সহযোগিতা তাঁদের জন্য বিশেষ প্রাপ্তি। দলের প্রত্যেক খেলোয়াড় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি শুধু প্রীতি ম্যাচ নয়, নিজেদের সক্ষমতা যাচাই এবং আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ। ভালো প্রস্তুতির ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচ দুটিতে ইতিবাচক ফল অর্জন করতে চান তাঁরা।
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন দেশের অন্যতম পরিবেশবান্ধব শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। সবুজায়ন, পরিকল্পিত অবকাঠামো ও পরিচ্ছন্ন পরিবেশের সমন্বয়ে গড়ে ওঠা এই শিল্পাঞ্চল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে শিল্পায়নের সমন্বয়ের একটি দৃষ্টান্ত। এমন পরিবেশে জাতীয় নারী ফুটবল দলের অনুশীলন ক্যাম্প খেলোয়াড়দের প্রস্তুতিতে বাড়তি স্বস্তি ও অনুকূল পরিবেশ তৈরি করেছে।
চট্টগ্রাম, ১১ নভেম্বর ২০২৬ (বাসস) : আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ম্যাচ দুটিকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) সবুজ মাঠে নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন নারী ফুটবল দলের সদস্যরা।
সুরক্ষিত, নিরিবিলি ও মনোরম পরিবেশে নিজেদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে ঘাম ঝরাচ্ছেন জাতীয় দলের ফুটবলাররা। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে সফর করবেন বাংলাদেশের মেয়েরা। দুই দল এখন পর্যন্ত একে অপরের সাথে দুটি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৭ সালে সিঙ্গাপুরে ২-০ গোলে এবং ২০২৩ সালে ঢাকায় ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ। এবারের ম্যাচ দুটিতেও জয়ের আশা করছেন মারিয়া-আফঈদারা।
আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, কেইপিজেডের পরিচ্ছন্ন ও সবুজে ঘেরা মাঠে দলীয় অনুশীলনে ব্যস্ত রয়েছেন নারী ফুটবলাররা। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল ফরাসি কোচ এরিক মেয়ারের তত্ত্বাবধানে চলছে প্রশিক্ষণ কার্যক্রম।
কখনও বলের নিয়ন্ত্রণ, কখনো পাসিং, আবার কখনো আক্রমণ ও রক্ষণভাগের সমন্বিত কৌশল অনুশীলন করছেন খেলোয়াড়রা। গোলবারের সামনে গোলরক্ষকদের আলাদা অনুশীলনও চলছে। কোচরা মাঠের বিভিন্ন প্রান্তে অবস্থান নিয়ে খেলোয়াড়দের ভুলত্রুটি শুধরে দিচ্ছেন এবং প্রয়োজনীয় কৌশল বুঝিয়ে দিচ্ছেন। কখনও বিশেষ নির্দেশনা, কখনও কৌশলগত পরামর্শ, আবার কখনও নিজেদের মধ্যে বলের দ্রুত আদান-প্রদানের মধ্য দিয়ে এগিয়ে চলছে অনুশীলন। সবুজ ঘাসে ঢাকা বিস্তৃত মাঠ, চারপাশের সুশৃঙ্খল পরিবেশ এবং কর্মব্যস্ত শিল্পাঞ্চলের কোলাহল থেকে কিছুটা আলাদা নিরিবিলি আবহ প্রশিক্ষণের জন্য তৈরি করেছে অনুকূল পরিবেশ।
গত ৩১ অক্টোবর থেকে কেইপিজেডে এই অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এখানে অবস্থান করে প্রশিক্ষণ চালিয়ে যাবে দলটি। নিয়মিত কোচ পিটার বাটলারের অনুপস্থিতিতে এক মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন ফরাসি কোচ এরিক মেয়ার। তাঁর অধীনেই সিঙ্গাপুর সফরের প্রস্তুতি নিচ্ছে দল।
কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘নারী খেলোয়াড়দের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্ন প্রশিক্ষণের বিষয়টি বিবেচনায় রেখে তাঁরা মাঠটি ব্যবহারের সুযোগ চেয়েছেন। আমরা জাতীয় নারী ফুটবল দলের অনুশীলনের জন্য কেইপিজেডের মাঠ ব্যবহারের সুযোগ করে দিতে পেরে আনন্দিত।’
‘একটি আন্তর্জাতিক ম্যাচের আগে খেলোয়াড়দের প্রস্তুতির জন্য ভালো মানের মাঠ ও উপযুক্ত পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেইপিজেডের সুশৃঙ্খল ও সুরক্ষিত পরিবেশে তাঁরা মনোযোগ দিয়ে অনুশীলন করতে পারছেন। দেশের নারী ফুটবলাররা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন- এটি অত্যন্ত গর্বের বিষয়। তাঁদের প্রস্তুতিতে সামান্য হলেও সহযোগিতা করতে পেরে কেইপিজেড কর্তৃপক্ষ গর্বিত। ভবিষ্যতেও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়দের পাশে থাকার সুযোগ পেলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগ্রহী।’
জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, ‘কেইপিজেডের মাঠ ও পরিবেশ অনুশীলনের জন্য অত্যন্ত উপযোগী। এখানে খেলোয়াড়রা অনেকটা নিরবচ্ছিন্নভাবে প্রশিক্ষণ নিতে পারছেন। মাঠের পরিচ্ছন্নতা, সবুজ ঘাস এবং চারপাশের শান্ত পরিবেশ অনুশীলনে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে গোলরক্ষকদের নিয়ে আলাদাভাবে কাজ করার জন্যও ভালো সুযোগ পাওয়া যাচ্ছে।’
তিনি বলেন, কেইপিজেড কর্তৃপক্ষ যে আন্তরিকতা নিয়ে জাতীয় দলকে অনুশীলনের সুযোগ দিয়েছে, তা প্রশংসনীয়। এমন সহযোগিতা খেলোয়াড়দের মনোবল বাড়ায়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দলকে সর্বোচ্চ প্রস্তুত করে তুলতে আমরা কাজ করছি।’