উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ (বাসস) : সাফ চ্যাম্পিয়নশীপে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। শমিত সোমের পর লাল-সবুজের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন প্রথমবারের মত অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামা হামজা চৌধরী।
প্রথমার্ধের প্রায় পুরোটা সময়ই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। ৮ মিনিটে হামজার ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন লংকান গোলরক্ষক সুজন পেরেরা। ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় শমিতের কাছে। প্রথম দফায় তার শট ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসলে দ্বিতীয়বার আর ভুল করেননি শমিত। ৪৩ মিনিটে ইব্রাহিমের পাসে জোড়ালো শটে ব্যবধান দ্বিগুন করেন হামজা।
এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথমবারের মতো দলের অধিনায়কত্ব করতে যাচ্ছেন হামজা চৌধুরী। অন্যদিকে, ঘরের মাঠে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েছেন ফারহান আলী ওয়াহিদ।
ভুটানের বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে খেলেননি হামজা ও ফারহান। তাদের ফিরিয়ে আনা হয়েছে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিমের পরিবর্তে।
তৃতীয় পরিবর্তন হিসেবে বিশ্বনাথ ঘোষের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ ইব্রাহিম। ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয়ে বদলি হিসেবে নেমে বাংলাদেশের জয়সূচক গোলটি করেছিলেন তিনি।
উদ্বোধনী ম্যাচে জয়ের সুবাদে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি।
বাংলাদেশের একাদশ : মেহেদী শ্রাবন (গোলরক্ষক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, তারিক কাজী, শমিত সোম, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম।