উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলছে। এ কারণে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) উদ্যানে বিএনপির সমাবেশ হচ্ছে না। সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে সেদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের মঞ্চ তৈরি হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে। মঞ্চ থাকবে পশ্চিমমুখী, অর্থাৎ বিজয়নগরের দিকে।
আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
এটি মূলত মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।
রিজভী বলেন, তাঁরা আগে সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের নাম ঘোষণা করেছিলেন। কিন্তু উদ্যানের বিন্যাস ও উন্নয়নকাজ চলায় সেখানে সমাবেশ করা সম্ভব হচ্ছে না। এ কারণে সমাবেশের স্থান পরিবর্তন করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজন করা হচ্ছে।
সমাবেশের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান রিজভী। দলীয় নেতা-কর্মীসহ ঢাকাবাসীকে এই সমাবেশে অংশ নিতে আহ্বান জানিয়েছে বিএনপি।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, পরাজিত শক্তি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার এসব পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করার চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, বেআইনি অস্ত্র নিয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বাহিনীগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।
সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত আছেন বলে জানান রিজভী। তিনি বলেন, ‘তবে বেআইনি অস্ত্র নিয়ে যারা তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকেই ব্যবস্থা নিতে হবে। শান্তিপ্রিয় মানুষ যেন নিরাপত্তা বোধ করে, সে দায়িত্ব সরকারের।’
সংবাদ সম্মেলনের শেষ দিকে সাংবাদিকেরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে জানতে চাইলে রিজভী বলেন, ‘কিসের লকডাউন? দেশে সবকিছু স্বাভাবিক আছে। কোনো বেআইনি সংগঠন কিছু বলল, আর সেটা নিয়ে প্রশ্ন করাটা দুঃখজনক। কোনো লকডাউন নেই। সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কোনো সন্ত্রাসী সংগঠনের কর্মসূচিকে বিএনপি রাজনৈতিক কর্মসূচি বলে মনে করে না।’