উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চৌমুহনী পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মী নিজেদের ফেসবুক আইডিতে আগুন দেওয়ার ভিডিওটি পোস্ট করেন। এরপর বিষয়টি জানাজানি হয়।
রাতের অন্ধকারে ধারণ করা ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চৌমুহনী পৌরসভা কার্যালয় এলাকা পার হওয়ার সময় চৌমুহনী থেকে লক্ষ্মীপুর অভিমুখী একটি বাসে আগুন দেওয়া হয়। অজ্ঞাতনামা দুই ব্যক্তি বাসটির পেছনের বাঁ পাশে ও সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুনলাগা অবস্থাতেই বাসটিকে দ্রুত চৌরাস্তার দিকে চলে যেতে দেখা যায়। একই সময় আগুন লাগানো দুই ব্যক্তিও পালিয়ে যান।
যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামসুজ্জামান। আজ রোববার সকালে প্রথম আলোকে তিনি বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাসটিও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।