উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বর পাকুড়গাছ, কনে বটগাছ। পুরোহিতের মন্ত্রপাঠ, শুভদৃষ্টি, সাত পাক ঘোরা, বরযাত্রী, বিয়ের আনুষ্ঠানিকতা, এমনকি মধ্যাহ্নভোজ—কোনো কিছুতেই কমতি ছিল না। অগ্নিসাক্ষী রেখে মানুষের বিয়ের আদলেই সম্পন্ন হলো দুই গাছের বিয়ে। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে উৎসবে মেতে উঠেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামের মানুষ।
গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার দুই দিনব্যাপী এ বিয়ের আয়োজনে অংশ নেন শত শত গ্রামবাসী। সনাতন ধর্মীয় রীতি মেনে বৃহস্পতিবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুক্রবার দুপুরে বিয়ের ভোজে অংশ নেন রুহিৎপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক শ মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, রুহিৎপুর গ্রামে পাশাপাশি দাঁড়িয়ে ছিল প্রায় ২০০ বছরের পুরোনো একটি বট ও একটি পাকুড়গাছ। গাছ দুটি জড়াজড়ি করে বেড়ে উঠেছিল। এলাকার মানুষের কাছে গাছ দুটি ছিল পরিচিতি ও ঐতিহ্যের অংশ। ২০২৩ সালের অক্টোবরে ঝড়ে গাছ দুটি ভেঙে পড়ে। পুরোনো গাছের স্মৃতি ধরে রাখতে স্থানীয়রা সেগুলোর পাশেই নতুন করে একটি বট ও একটি পাকুড়গাছের চারা রোপণ করেন। প্রায় তিন বছর ধরে পরিচর্যায় গাছ দুটি বেশ বড় হয়ে উঠেছে। পরে গ্রামের প্রবীণ ব্যক্তিরা গাছ দুটির প্রতীকী বিয়ের আয়োজনের সিদ্ধান্ত নেন।
বিয়ের জন্য গাছ দুটির আলাদা পরিচয়ও তৈরি করা হয়। গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের ছেলে হিসেবে পাকুড়গাছের নাম রাখা হয় ‘তীর্থ শিকদার’। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের মেয়ে হিসেবে বটগাছের নাম রাখা হয় ‘শুক্লা সরকার’। দুই পরিবারের সম্মতিতে গ্রামবাসী মিলে বিয়ের আয়োজন করেন।
বৃহস্পতিবার রাতে নির্ধারিত লগ্নে পুরোহিত মনতোষ গোস্বামীর মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। শুভদৃষ্টি ও সাত পাকের মাধ্যমে প্রতীকী বর-কনেকে এক বন্ধনে আবদ্ধ করা হয়। বরযাত্রী কনের বাড়িতে পৌঁছালে ছোট ছোট ছেলেমেয়ে ফিতা দিয়ে তাঁদের পথ আটকে দেয়। পরে ৫০০ টাকা দিয়ে লাল ফিতা কেটে বরযাত্রীরা কনের বাড়িতে প্রবেশ করেন।
শুক্রবার সকাল থেকেই গ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ। বেলা ১১টার দিকে বর-কনের আত্মীয়স্বজন ও গ্রামবাসীর অংশগ্রহণে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি বিয়ের অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। নারী, পুরুষ ও শিশুরা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠেন।
দুপুর ২টার দিকে শুরু হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। পুরোহিত অগ্নিসাক্ষী রেখে মন্ত্রপাঠ করেন। তাঁকে সহযোগিতা করেন কয়েকজন নারী। বিভিন্ন বয়সী ১০ থেকে ১৫ জন নারী প্রতীকী বর-কনেকে কোলে নিয়ে সাত পাক ঘোরান। এ সময় শতাধিক নারীর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় মধ্যাহ্নভোজ।
শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, ভাতগ্রাম-বরাটি সড়কের দক্ষিণ পাশে পড়ে আছে ঝড়ে ভেঙে যাওয়া পুরোনো বট ও পাকুড়গাছের অংশবিশেষ। পাশেই নতুন বর-কনের সাজে দাঁড়িয়ে আছে বট ও পাকুড়গাছ দুটি। পাকুড়গাছটির উচ্চতা প্রায় ১৫ ফুট এবং বটগাছটির উচ্চতা প্রায় ১২ ফুট। গাছ দুটির চারপাশে তৈরি করা হয়েছে ইট-সিমেন্টের বেষ্টনী।
বরাটি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও গ্রামের বাসিন্দা চন্দ্র মোহন শিকদারের (৭৫) স্মৃতিতে এখনো জীবন্ত পুরোনো গাছ দুটি। তিনি বলেন, গাছ দুটির সঠিক বয়স কেউ জানেন না। জন্মের পর থেকেই গাছ দুটি দেখে আসছি। আমার বাবা-দাদাও গাছ দুটি দেখেছেন।
তাঁর ধারণা, গাছ দুটির বয়স ২০০ বছরের বেশি। একসময় গাছ দুটির পাশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, রথযাত্রা ও মেলা বসত। এলাকার মানুষের কাছে গাছ দুটি ছিল পরিচয়ের অংশ। পুরোনো গাছের স্মৃতি ধরে রাখতেই নতুন করে বট ও পাকুড়গাছ লাগিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে।
কনের ভাই শিশির সরকার বলেন, মানুষের বিয়েতে যেসব আনুষ্ঠানিকতা থাকে, সেগুলো অনুসরণ করেই গাছ দুটির বিয়ে দেওয়া হয়েছে। পুরোনো বট-পাকুড়ের স্মৃতি ধরে রাখার পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়াও এ আয়োজনের উদ্দেশ্য। নির্বিচারে গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। এমন আয়োজন মানুষকে গাছের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে।
বরের বাবা চিত্ত রঞ্জন শিকদার বলেন, একটি গাছকে ছেলে হিসেবে পেয়ে তাঁর ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হয়েছে। এ বিয়েতে কোনো যৌতুকের আয়োজন নেই। গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। সবার সহযোগিতায় পুরো গ্রাম আনন্দে মেতে উঠেছে।
কনের বাবা বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের কথায় উঠে আসে আয়োজনটির পেছনের এক আবেগঘন গল্প। তিনি বলেন, ১৯৯৬ সালে আমার ৬ বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। মেয়ের স্মৃতি ধরে রাখতেই বটগাছটিকে মেয়ের পরিচয়ে বিয়ে দিয়েছি। সাধারণত বিয়ের পর মেয়েকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে হয়। কিন্তু এ বিয়েতে তাঁর মেয়েকে কোথাও যেতে হবে না। বর-কনে আজীবন পাশাপাশি থাকবে। এ আয়োজনের মধ্য দিয়ে চিত্ত রঞ্জন শিকদারের পরিবারের সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্কও আরও দৃঢ় হবে বলে আশা তাঁর।
বিয়ের পুরোহিত মনতোষ গোস্বামী বলেন, ভারতে এ ধরনের বিয়ের আয়োজন আগে দেখেছি। সেখানকার কিছু নিয়মকানুনও নোট করে রেখেছিলাম। সেগুলো অনুসরণ করেই এ বিয়ের মন্ত্রপাঠ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করলাম। এমন ব্যতিক্রমী বিয়ের পুরোহিত হতে পেরে আমি আনন্দিত।