উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবে নিজের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান জালিয়াতির মাধ্যমে দখল, ব্যাংক হিসাব পরিবর্তন এবং প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন প্রবাসী ব্যবসায়ী মো. মিশকাতুল আলা। এ ঘটনায় প্রতিষ্ঠানের লাইসেন্সে নাম থাকা তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ওই ব্যবসায়ী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মিশকাতুল আলা।
লিখিত বক্তব্যে মিশকাতুল আলা জানান, তিনি সৌদি আরবে অবস্থিত ‘ব্লুস্টার ম্যানপাওয়ার কোম্পানি’র স্বত্বাধিকারী। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। সৌদি আরবের আইন অনুযায়ী, কোম্পানির লাইসেন্স নেওয়ার সময় একাধিক অংশীদারের নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয়। এ কারণে আর্থিক কোনো লেনদেন ছাড়াই সরল বিশ্বাসে মোহাম্মদ আবুল খায়ের, মাহবুব আলম ও মো. আনোয়ার হোসেনকে লাইসেন্সে অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করেন তিনি।
মিশকাতুল আলার দাবি, প্রতিষ্ঠানের লাইসেন্স-সংক্রান্ত ভ্যাট, করসহ ব্যবসা পরিচালনার যাবতীয় ব্যয় তিনি নিজেই বহন করেছেন। লাইসেন্সে নাম থাকা ওই তিন ব্যক্তির কাছ থেকে কোনো অর্থ নেননি বা তারা প্রতিষ্ঠানে বিনিয়োগও করেননি।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, স্ত্রীর গুরুতর অসুস্থতার কারণে গত ২ নভেম্বর ২০২৬ বৈধ ছুটিতে বাংলাদেশে আসেন তিনি। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই তিন ব্যক্তি একটি চক্রের প্ররোচনায় তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে গণমাধ্যমে সংবাদ সম্মেলন করেন। এরপর জাল ও ভুয়া কাগজপত্র তৈরি এবং বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দাখিলের মাধ্যমে গত ১২ নভেম্বর তার কোম্পানিটি নিজেদের নামে স্থানান্তর করে নেন।
মিশকাতুল আলার অভিযোগ, শুধু কোম্পানির মালিকানা পরিবর্তন করেই ক্ষান্ত হননি অভিযুক্ত ব্যক্তিরা। জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। পরে ওই হিসাবে থাকা সব অর্থ তুলে আত্মসাৎ করেন তারা। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি সৌদি আরবে দীর্ঘদিন ধরে গড়ে তোলা তার ব্যবসায়িক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে।
বাংলাদেশেও তাকে ঘিরে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেন এই ব্যবসায়ী। তার দাবি, সম্প্রতি অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তার বাসায় গিয়ে ভয়ভীতি ও হুমকি দেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে গত ১৩ নভেম্বর ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডির নম্বর ৯৩৮।
সংবাদ সম্মেলনে মিশকাতুল আলা তার ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকানা ও ব্যাংক হিসাব ফিরে পাওয়া, আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, অভিযুক্ত তিন ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। ফলে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।