উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরিমাণে খুব বেশি না হলেও টানা তিন দিন বৃষ্টি হয়েছে রাজধানীতে। তবু আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল ১১। বায়ুর মান ছিল ১৫১। বায়ুর এই মানকে অস্বাস্থ্যকর বলা হয়। কিন্তু অপেক্ষাকৃত কম জনসংখ্যার শহর গাজীপুরে ওই সময় বায়ুর মান ছিল ১৭৮। এটা প্রায় দিনই থাকে। শুধু ঢাকার পাশের এই শহর নয়, দূরের অনেক শহরেও বায়ুদূষণ বাড়ছে।
অথচ বায়ুদূষণের কথা উঠলেই ঢাকার নাম সামনে আসে। শীত এলেই রাজধানীর বাতাসের মান নেমে যায় বিপজ্জনক পর্যায়ে। কিন্তু দেশের অন্যান্য অঞ্চলের বাতাসও যে দূষিত হচ্ছে, তার প্রমাণ মিলছে সরকারি পর্যবেক্ষণ ও একাধিক গবেষণায়। উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, শিল্পাঞ্চল এমনকি গ্রামীণ এলাকাতেও বাতাসে ক্ষতিকর অতি ক্ষুদ্র বস্তুকণার (পিএম২.৫) উপস্থিতি উদ্বেগজনক।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (বায়ুমান) মোহাম্মদ আবদুল মোতালিবের একটি উপস্থাপনায় ২০২৫ সালে দেশের আটটি বিভাগীয় শহরের বায়ুদূষণের চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ওই বছর গড় পিএম২.৫-এর মাত্রা সবচেয়ে বেশি ছিল রংপুরে, প্রতি ঘনমিটার বাতাসে ১০৫ দশমিক ৮৩ মাইক্রোগ্রাম। এরপর রাজশাহীতে ৯০ দশমিক ৬৬ এবং ঢাকায় ৮৯ দশমিক ৯১ মাইক্রোগ্রাম। ময়মনসিংহে এ মাত্রা ছিল ৮১ দশমিক ০১, চট্টগ্রামে ৬৪ দশমিক ৭, খুলনায় ৬৩ দশমিক ২৭, বরিশালে ৫৬ দশমিক ৫৫ এবং সিলেটে ৫০ দশমিক ৩২ মাইক্রোগ্রাম।
অর্থাৎ, শুধু ঢাকা নয়, উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি বিভাগীয় শহরে বাতাসের মান আরও খারাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বার্ষিক পিএম২.৫ নির্দেশিকা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রাম। সেই হিসাবে ২০২৫ সালে রংপুরের গড় দূষণ ছিল নির্দেশিকার ২১ গুণের বেশি।
মোহাম্মদ আবদুল মোতালিব প্রথম আলোকে বলেন, রংপুরে বায়ুদূষণ বেশি হওয়ার একটি কারণ এটি হলো আন্তসীমান্ত দূষিত বায়ুর প্রবেশদ্বার। এখানে যানবাহন বা অন্য উৎসগুলো তেমন খুব বেশি নেই। শুধু রংপুর নয়, এ বায়ুপ্রবাহের কারণে রাজশাহী এবং ময়মনসিংহ অঞ্চলের একটি বড় অংশে দূষণ বাড়ে।
ঢাকার চেয়ে বেশি দূষণ নেত্রকোনায়
ঢাকার বাইরের দূষণের চিত্র আরও স্পষ্ট হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী অ্যাটমসফেরিক পলুশন রিসার্চ-এ প্রকাশিত একটি গবেষণায়। ‘কমপ্যারিজন অব পিএম২.৫ ট্রেন্ডস অ্যান্ড সোর্স ফ্যাক্টরস ইন আরবান অ্যান্ড রুরাল লোকেশনস ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় পাঁচটি স্থানের বাতাসের মান তুলনা করা হয়েছে।
গবেষকেরা ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, পঞ্চগড়, নেত্রকোনা ও ভোলায় কম খরচের বায়ুমান পরিমাপক সেন্সর বসিয়ে পিএম২.৫-এর মাত্রা পর্যবেক্ষণ করেন। শহর, আধা শহর ও গ্রামীণ এলাকার দূষণের পার্থক্য এবং স্থানীয় ও দূরবর্তী উৎসের প্রভাব বোঝাই ছিল গবেষণার উদ্দেশ্য।
গবেষণায় দেখা যায়, পাঁচটি স্থানের মধ্যে নেত্রকোনায় পিএম২.৫-এর গড় ঘনত্ব সবচেয়ে বেশি, প্রতি ঘনমিটারে ২১২ দশমিক ৮১ মাইক্রোগ্রাম। পঞ্চগড়ে ১২৮ দশমিক ৬, রাজশাহীতে ১১০ দশমিক ৪, ঢাকায় ১০৫ দশমিক ১ এবং ভোলায় ৮২ দশমিক ২ মাইক্রোগ্রাম। অর্থাৎ, এই পাঁচ স্থানের মধ্যে ঢাকার চেয়ে বেশি দূষণ পাওয়া গেছে তিনটি স্থানে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক শহীদ উজ জামান, শতাব্দী রায়, আবদুস সালামসহ দেশি-বিদেশি নয়জন গবেষক এ গবেষণায় যুক্ত ছিলেন। তাঁরা আবহাওয়ার বিভিন্ন উপাদান এবং বাতাসের গতিপথ বিশ্লেষণ করতে জেনারালাইজড অ্যাডিটিভ মডেল (জিএএম) ব্যবহার করেন।
গবেষণায় আরও দেখা গেছে, পাঁচটি স্থানেই সকাল ও সন্ধ্যায় দূষণের মাত্রা বেড়ে যায়। উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাস দূষণ বাড়ানোর সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা বাতাস পিএম২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ২০ থেকে ৪০ মাইক্রোগ্রাম কমানোর সঙ্গে সম্পর্কিত।
গবেষকদের বিশ্লেষণে ভারতের ইন্দো-গাঙ্গেয় সমভূমি থেকে আসা দূষিত বাতাস পাঁচটি স্থানের প্রতিটিতে পিএম২.৫-এর মাত্রা প্রায় ৫০ মাইক্রোগ্রাম বাড়ানোর সঙ্গে সম্পর্কিত বলে উঠে এসেছে। তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, দূরবর্তী উৎসের প্রভাব থাকলেও স্থানীয় দূষণের উৎসও গুরুত্বপূর্ণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, বায়ুদূষণ এখন আর ঢাকা বা নগরকেন্দ্রিক সমস্যা নয়। এটি প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে গেছে।
দেশের সব অঞ্চলে দূষণের চিত্র এক নয়
পরিবেশ অধিদপ্তরের ২০২৫ সালে প্রকাশিত ‘অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি ইন বাংলাদেশ (২০১৮–২০২৩)’ প্রতিবেদনেও দেশের বিভিন্ন অঞ্চলের বায়ুদূষণের চিত্র বিশ্লেষণ করা হয়েছে। এতে ৩১টি বায়ুমান পর্যবেক্ষণকেন্দ্রের তথ্য ব্যবহার করা হয়েছে। এসব কেন্দ্র দেশের ২৩টি জেলায় অবস্থিত। এর মধ্যে ১৬টি পূর্ণাঙ্গ ধারাবাহিক পর্যবেক্ষণকেন্দ্র এবং ১৫টি কমপ্যাক্ট ধরনের পর্যবেক্ষণকেন্দ্র।
প্রতিবেদনটিতে দেশের অঞ্চলগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে—মধ্যাঞ্চল, উত্তর ও পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল। এতে দেখা যায়, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে সাভার ও ফার্মগেট ছাড়া অধিকাংশ পর্যবেক্ষণকেন্দ্রে পিএম২.৫-এর বার্ষিক গড় ঘনত্ব বেড়েছে। সব অঞ্চলে জানুয়ারিতে দূষণ সবচেয়ে বেশি এবং জুলাইয়ে সবচেয়ে কম ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাতের বেলায় দিনের তুলনায় পিএম২.৫-এর ঘনত্ব গড়ে প্রায় ৪০ শতাংশ বেশি পাওয়া গেছে। শীতকালে দূষণের মাত্রা গ্রীষ্মের তুলনায় গড়ে প্রায় ৫০ শতাংশ বেশি ছিল। দেশের মধ্য ও উত্তরাঞ্চলের শহরগুলোতে বায়ুর মান খুব অস্বাস্থ্যকর পর্যায়ে থাকার দিনও তুলনামূলক বেশি।
অন্যদিকে বিশ্বব্যাংকের সহায়তায় তৈরি বাংলাদেশের জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৪–২০৩০-এ আট বিভাগের পর্যবেক্ষণকেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বার্ষিক গড় পিএম২.৫-এর মাত্রা ৪৮ থেকে ১০৩ মাইক্রোগ্রাম। অর্থাৎ, বিভাগীয় শহরগুলোর কোনোটিতেই দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকার কাছাকাছি নয়।
এই পরিকল্পনায় শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার দূষণের বিষয়টিও উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, গ্রামীণ এলাকায় সরাসরি বায়ুমান পরিমাপের তথ্য প্রায় নেই বললেই চলে। পর্যবেক্ষণকেন্দ্রের তথ্য, বায়ুমণ্ডলীয় মডেল এবং স্যাটেলাইটের ছবি ব্যবহার করে গ্রামীণ এলাকার বার্ষিক গড় পিএম২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ৫৭ মাইক্রোগ্রাম বলে অনুমান করা হয়েছে। শহরের ক্ষেত্রে জনসংখ্যার ওজোন অনুযায়ী এ মাত্রা ৭৭ মাইক্রোগ্রাম।
অর্থাৎ, গ্রামেও বাতাসের মান নিরাপদ নয়। তবে গ্রামীণ এলাকার এই হিসাব সরাসরি পরিমাপের ফল নয়, মডেলভিত্তিক অনুমান।
দূষণের উৎস শুধু ইটভাটা ও যানবাহন নয়
বায়ুদূষণের জন্য সাধারণত ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজকে দায়ী করা হয়। কিন্তু বিশ্বব্যাংকের ২০২৩ সালের বাংলাদেশবিষয়ক পরিবেশ বিশ্লেষণে দেখা গেছে, ঢাকার বৃহত্তর অঞ্চলে দূষণের উৎসের মধ্যে বাসাবাড়িতে কঠিন জ্বালানি পোড়ানোর অবদান ২৮ শতাংশ। বিদ্যুৎকেন্দ্রের অবদান ২৪ শতাংশ, ইটভাটার ১৩ শতাংশ, পৌর বর্জ্য খোলা জায়গায় পোড়ানোর ১১ শতাংশ, সড়কের ধুলার ৮ শতাংশ এবং যানবাহনের ধোঁয়ার ৪ শতাংশ। অন্যান্য উৎসের অবদান ১২ শতাংশ।
এই হিসাব থেকে বোঝা যায়, বায়ুদূষণ নিয়ন্ত্রণে শুধু যানবাহন ও ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না। রান্নার জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নির্মাণকাজেও নজর দিতে হবে। তবে এই উৎসভিত্তিক হিসাব বৃহত্তর ঢাকা অঞ্চলের; দেশের অন্য অঞ্চলে দূষণের উৎসের অনুপাত ভিন্ন হতে পারে।
২০২৫ সালে প্রকাশিত আরেকটি গবেষণায় বাংলাদেশের পিএম২.৫-এর ভৌগোলিক বিস্তার ও দূষণের হটস্পট বিশ্লেষণ করা হয়েছে। অ্যাটমসফেরিক রিসার্চ-এ প্রকাশিত ‘স্পেশিওটেম্পোরাল প্যাটার্নস অ্যান্ড হটস্পটস অব পিএম২.৫ ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় দেখা যায়, ২০২২ সালে দেশের সব পর্যবেক্ষণকেন্দ্রেই বার্ষিক গড় পিএম২.৫ জাতীয় মানদণ্ড ছাড়িয়ে গিয়েছিল। ঢাকাকে কেন্দ্র করে দূষণের হটস্পট থাকলেও রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক কম দূষণের এলাকা পাওয়া গেছে। শীতকালে দূষণ সবচেয়ে বেশি ছিল।
বায়ুদূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বাতাসে থাকা পিএম২.৫ কণা আকারে এত ছোট যে শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। কিছু কণা রক্তপ্রবাহেও পৌঁছাতে পারে। দীর্ঘদিন এসব কণার সংস্পর্শে থাকলে হৃদ্রোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যানসার ও শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি বাড়ে। শিশু, বয়স্ক ব্যক্তি এবং আগে থেকে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন।
বিশ্বব্যাংকের ২০২৪ সালের বাংলাদেশবিষয়ক পরিবেশ বিশ্লেষণে বলা হয়েছে, ২০১৯ সালে বায়ুদূষণ ও গৃহস্থালি বায়ুদূষণের কারণে দেশে ১ লাখ ৫৯ হাজারের বেশি মানুষের অকালমৃত্যু হয়েছে। অসুস্থতায় কাটাতে হয়েছে প্রায় ২৫০ কোটি দিন। এ কারণে স্বাস্থ্যগত ক্ষতির অর্থনৈতিক মূল্য ছিল দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮ দশমিক ৩২ শতাংশের সমান।
পর্যবেক্ষণ বাড়লেও নিয়ন্ত্রণে ঘাটতি
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (বায়ুমান) মোহাম্মদ আবদুল মোতালিবের উপস্থাপনায় বলা হয়েছে, দেশে ৩১টি ধারাবাহিক বায়ুমান পর্যবেক্ষণকেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্রে পিএম২.৫, পিএম১০, সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনো–অক্সাইড ও ওজোনের মাত্রা পরিমাপ করা হয়। পাশাপাশি আবহাওয়ার বিভিন্ন উপাদানও পর্যবেক্ষণ করা হয়।
উপস্থাপনায় ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে দেশের পর্যবেক্ষণকেন্দ্রগুলোর বার্ষিক গড় পিএম২.৫-এর তথ্যও দেওয়া হয়েছে। এতে ২০১৮ সালে প্রতি ঘনমিটারে ৯৭ দশমিক ৬ মাইক্রোগ্রাম থেকে ২০২৫ সালে ৮৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম হয়েছে। মাঝের বছরগুলোতে দূষণের মাত্রায় ওঠানামা ছিল। ২০২১ সালে তা ১০৭ দশমিক ৫ মাইক্রোগ্রামে উঠেছিল।
পরিবেশ অধিদপ্তরের উপস্থাপনায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা, পুরোনো ও দূষণকারী যানবাহন নিয়ন্ত্রণ, ইটের বিকল্প হিসেবে পোড়ানো হয় না, এমন ব্লকের ব্যবহার, বর্জ্য খোলা জায়গায় পোড়ানো বন্ধ এবং শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। ২০৩০ সালের মধ্যে দেশের জনসংখ্যার ওজোন অনুযায়ী বার্ষিক গড় পিএম২.৫-এর মাত্রা ১৫ মাইক্রোগ্রাম এবং বৃহত্তর ঢাকা অঞ্চলে ৩০ মাইক্রোগ্রাম কমানোর লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে আন্তসীমান্ত সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে। কারণ, বাংলাদেশের বাতাসে স্থানীয় উৎসের পাশাপাশি প্রতিবেশী অঞ্চল থেকে আসা দূষিত কণার প্রভাব রয়েছে।
দূষণবিশেষজ্ঞ অধ্যাপক আবদুস সালাম বলেন, রাজধানীর বাইরে পর্যবেক্ষণব্যবস্থা আরও বিস্তৃত করা, স্থানীয় দূষণের উৎস শনাক্ত করা এবং অঞ্চলভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলা জরুরি।