উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
• কাঁচা পাটের অপ্রতুলতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, আর্থিক সংকট, দক্ষ শ্রমিক ও আধুনিক যন্ত্রপাতির অভাব।
• বর্তমানে ছয়টি কারখানায় উৎপাদন চলমান থাকলেও ধুঁকছে সেগুলো।
• আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণ এবং নীতিসহায়তার আহ্বান।
কুমিল্লার ১১টি পাটকলে একসময় উল্লেখযোগ্য পণ্য উৎপাদন করা হতো। কিন্তু কাঁচামালের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আর্থিক সংকটে পাঁচটিই বন্ধ হয়ে গেছে। বর্তমানে ছয়টি কারখানায় উৎপাদন করা হলেও ধুঁকছে সেগুলো।
সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পাটকলের মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচা পাটের অপ্রতুলতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, আর্থিক সংকট, দক্ষ শ্রমিক ও আধুনিক যন্ত্রপাতির অভাব পাটশিল্পের অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহের চাপ। এসব কারণে জেলার পাঁচটি পাটকল বন্ধ হয়ে গেছে।
এর মধ্যে বুড়িচং উপজেলায় ২০১০ সালে প্রতিষ্ঠিত মেসার্স ফুলহার জুট মিলস লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ২৬০ টন ও ২০১৯ সালে প্রতিষ্ঠিত মেসার্স এন এস ফুটওয়্যার লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ৪০ হাজার জোড়া জুতা। দেবিদ্বার উপজেলায় ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত মেসার্স উষা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ২ হাজার ১০০ টন ও ২০১৩ সালে প্রতিষ্ঠিত মেসার্স আশা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ১ হাজার ৫০ টন। এ ছাড়া দাউদকান্দি উপজেলায় অবস্থিত মেসার্স এশিয়াটিক জুট মিলস লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ৭০ টন। কিন্তু কারখানাগুলোতে এখন উৎপাদন বন্ধ রয়েছে।
এদিকে বুড়িচংয়ে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত মেসার্স ফুলহার ফুটওয়্যার লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ৪৫ হাজার জোড়া জুতা হলেও উৎপাদন করছে ৩০ হাজার জোড়া। দেবিদ্বারে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত মেসার্স সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ৩ হাজার ৬০০ টন হলেও উৎপাদন করা হচ্ছে ৩ হাজার ৫০০ টন পণ্য। দাউদকান্দিতে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত মেসার্স সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ২ হাজার ১০০ টন সুতা এবং পাটের কাপড় ৫৪০ টন। বর্তমানে প্রতিষ্ঠানটি মাসে ১ হাজার ৫০ টন পাটের সুতা ও ৩৬০ টন পাটের কাপড় উৎপাদন করছে।
আদর্শ সদর উপজেলায় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত মেসার্স লালমাই ফুটওয়্যার লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ৫০ হাজার জোড়া জুতা। তবে বর্তমানে প্রতিষ্ঠানটি উৎপাদন করছে ২০ হাজার জোড়া।
অন্যদিকে বুড়িচং উপজেলায় ২০১৬ সালে প্রতিষ্ঠিত মেসার্স জিহান ফুটওয়্যার লিমিটেড এবং ২০২৫ সালে প্রতিষ্ঠিত মেসার্স এ আর এস ফুটওয়্যার লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ৫০ হাজার জোড়া জুতা। বর্তমানে কারখানা দুটি মাসে ৩০ হাজার জোড়া করে জুতা উৎপাদন করছে।
মেসার্স জিহান ফুটওয়্যার লিমিটেডের মালিক মো. শাহাজাদা টিপু বলেন, বাজারে পাটজাত পণ্যের চাহিদা রয়েছে। কিন্তু কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে। এর প্রভাব পড়ছে উৎপাদিত পণ্যের দামে। ফলে ক্রেতাদের আগ্রহ কমে যাচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।
বন্ধ হয়ে যাওয়া মেসার্স আশা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক কৃষ্ণ জানান, আর্থিক সংকট ও কাঁচা পাটের অপ্রতুলতার কারণে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
পাট অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, তাঁর দপ্তরের আওতায় কুমিল্লায় ১১টি এবং চাঁদপুরে ৩টি পাটকল রয়েছে। তবে চাঁদপুরের কারখানাগুলো বন্ধ। অন্যদিকে কুমিল্লার ১১টি কারখানার মধ্যে ৫টি বন্ধ রয়েছে।
সিরাজুল ইসলাম বলেন, অধিকাংশ কারখানা অর্থনৈতিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। কুমিল্লার পাটকলগুলোর সার্বিক পরিস্থিতি ও সমস্যার বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজম খান নোমান বলেন, পাটশিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া জরুরি। এ জন্য প্রতিটি কারখানা বন্ধ হওয়ার প্রকৃত কারণ চিহ্নিত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণ এবং নীতিগত সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন। তাহলে পাটজাত পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।